
পাটনা, ১৭ এপ্রিল : বিহারে বিষমদের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। বিহারের মোতিহারিতে সোমবার সকাল পর্যন্ত বিষমদ কান্ডে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। যদিও, প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা ২২। বিহারে পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২।
মোতিহারি এবং মুজফ্ফরপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১০৮ জন। তল্লাশি অভিযানে ৬ হাজার লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। অবৈধ মদের রমরমা রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে মোতিহারি পুলিশ।
