
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী লোকসভা নির্বাচনে দেশের শিক্ষিত বেকারদের কাজ পাওয়ার সাংবিধানিক অধিকারের প্রতিশ্রুতি দিতে চায় কংগ্রেস। দলের নির্বাচনী ইস্তাহার কমিটি এই মর্মে একটি সুপারিশ তাদের রিপোর্টে জমা দিয়েছে।
কমিটির চেয়ারম্যান তথা দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীর হাতে তুলে দেবেন। দুই শীর্ষ নেতাই বুধবার মধ্যপ্রদেশের ভাদনাওয়ারে রয়েছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রার অংশ হিসাবে সেখানে বুধবার জনসভায় ভাষণ দেবেন খাড়্গে, রাহুলরা।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস একশো দিনের কাজের প্রকল্প চালু করার কথা বলেছিল। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে সেই প্রকল্প চালু করে দেওয়া হয়। ওই প্রকল্পে বছরে একশো দিন কাজ পাওয়ার সাংবিধানিক গ্যারান্টি দেওয়া হয়। দেশে আর কোনও কল্যাণমূলক প্রকল্পে ওই গ্যারান্টি নেই। দেশের কয়েকশো কোটি গরিব মানুষ ওই প্রকল্পে কাজ পেয়ে আসছেন। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি বন্ধ করে দেওয়ার কথা বললেও চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয়। তবে প্রকল্পটি আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলেও কংগ্রেসের অভিযোগ। দল ওই প্রকল্পে কাজের সীমা বৃদ্ধি করে দুশো দিন করার প্রস্তাবও বিবেচনা করছে।
ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার অভিজ্ঞতা থেকে রাহুল গান্ধীর মনে হয়েছে বেকারি দেশের সবচেয়ে বড় বিপদ যুব সমাজের কাছে। তাদের হাতে কাজ দিতে হবে। মঙ্গলবারও মধ্যপ্রদেশের সভায় তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, মোদীজি সবাইকে জয় শ্রীরাম স্লোগানে বুঁদ করে রাখতে চান। ভুলিয়ে দিতে চান বেকারির সমস্যা, যন্ত্রণা। জানা যাচ্ছে রাহুলের পরামর্শে শিক্ষিত বেকারদের জন্যও কর্মসংস্থানের সাংবিধানিক গ্যারান্টি দেওয়ার স্কিম চালু করচে চায় কংগ্রেস।
কংগ্রেস আগেই ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে কাস্ট সেন্সাস চালু করবে এবং কৃষকদরে ফসলের ন্যায্য দাম দিতে ন্যুনতম সহায়ক মূল্য নির্ধারণে আইন চালু করবে। সেনায় নিয়োগে অগ্নিবীর প্রকল্প বাতিল করে পূর্ণাঙ্গ সময়ের জন্য নিয়োগ করা হবে জওয়ানদের, আগেই ঘোষণা করেছে হাত শিবির। কংগ্রেস আরও জানিয়েছে, তারা পুরনো পেনশন ব্যবস্থাও সারা দেশে ফিরিয়ে আনবে।
