
মুম্বই, ২০ মার্চ : ভারতীয় মুদ্রার দামে পতন অব্যাহত। এই সপ্তাহে একাধিক দিন টাকার দাম কমেছে। শুক্রবার বাজার খুলতেই ফের একই চিত্রের দেখা মিলল। ডলারের সাপেক্ষে এ দিন টাকার দাম ৯৩ ছুঁয়েছে। যা ভারতীয় মুদ্রার ইতিহাসে প্রথমবার ঘটল। এর আগে কখনও এতটা নামেনি টাকার দাম। শুক্রবারের শুরুতেই আমেরিকান ডলারের সাপেক্ষে টাকার বিনিময়-দর হয়েছিল ৯২.৯৪-এ। যা সর্বনিম্ন। অর্থাৎ এর আগে টাকার দাম ডলারের সাপেক্ষে কখনও এতটা নীচে নামেনি। তার পরে তা ৯৩-এ পৌঁছয়। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অশান্তির আবহ টাকার দরে ব্যাপক প্রভাব ফেলেছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। এই অশান্তির জেরে জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগই আমদানি করে ভারত। তাই এর দামবৃদ্ধিতে ভারতের খরচ বেড়েছে। যা টাকার উপরেও চাপ তৈরি করেছে।
