Breaking News

 

West Bengal

50 minutes ago

Jagadish Basunia: পুজোর আগেই বিজেপিতে যোগ ১৭ এনসিপিআই সাংসদের? জগদীশ বসুনিয়ার দাবিতে তুঙ্গে জল্পনা

Jagadish Basunia
Jagadish Basunia

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর আগেই বিজেপিতে মিশে যেতে পারে এনসিপিআই (ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া)! সোমবার এমনই বিস্ফোরক দাবি করেছেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বসুনিয়ার দাবি, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের মধ্যে ১৭ জনই পুজোর আগে অথবা পরে সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে ওই ২০ জনের মধ্যে তিন সংখ্যালঘু সাংসদ বিজেপিতে যোগ দেবেন না বলেই দাবি করেছেন তিনি। তাঁরা এনসিপিআইতেই থেকে এনডিএকে সমর্থন করবেন বলে জানিয়েছেন কোচবিহারের সাংসদ। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ জানান, তৃণমূল থেকে বেরিয়ে তাঁরা সরাসরি বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় সমস্যা তৈরি হয়। এই নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনাও হয়েছে তাঁদের। সেই আলোচনায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিজেপির কথাতেই এনসিপিআইতে যোগদান করেছিলেন তাঁরা। মূলত দলত্যাগবিরোধী আইন এড়াতেই বিজেপি তাঁদের এনসিপিআইতে যোগদান করতে বলেছিলেন বলে দাবি করেন জগদীশ। তবে এবার ৩ সংখ্যালঘু সাংসদ বাদে ১৭ জন এনসিপিআই সাংসদ পুজোর আগে বা পরে সরাসরি বিজেপিতে যোগদান করবেন। তাঁর দাবি, “২০ সাংসদের মধ্যে ১৪ জন গেলেই দুই-তৃতীয়াংশ হয়। আর আমরা ১৭ জন একসঙ্গে আছি। ফলে কোনওভাবেই আমাদের সদস্যপদ বাতিল হবে না অথবা আমরা দলবিরোধী আইনের আওতায় পড়ব না।”   

পুজোর আগে জগদীশ বসুনিয়ার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। যদিও এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, বিজেপিতে যোগদানের বিষয়ে তিনি কিছুই জানেন না। যা বলার সময় বলবে। জগদীশকে কটাক্ষ করে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় যাঁরা নির্বাচনে জিতেছেন তাঁরা কখনও এনসিপিআই কখনও বিজেপি করছে। সবকটা বিজেপির দালালি করছে।” এবিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “দল বললে এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগদান মানতে হবে। কিন্তু মন থেকে মানতে পারব না। পরজীবী হয়ে বাঁচতে চাই না। সর্বভারতীয় দলের সর্বভারতীয় ভূমিকা রয়েছে। জোটের একাধিক বাধ্যবাধকতা থাকে।” অন্যদিকে এনসিপিআইয়ের সংখ্যালঘু সাংসদ আবু তাহের জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না। এনসিপিআইতে যোগদানের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদাররা তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের সরাসরি কথা হয়নি।

You might also like!