West Bengal

1 hour ago

Suvendu Adhikari : ‘আইন সবার জন্য সমান’, কনভয় থামিয়ে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ দিয়েছেন, তাঁর কনভয়ের জন্য কোনও অবস্থাতেই ট্র্যাফিক সিগন্যাল ভেঙে রাস্তা পার করানো যাবে না। মঙ্গলবার রেড রোডে ঘটে যাওয়া একটি ঘটনার পরই পুলিশকে এই নির্দেশ দেন তিনি।এদিন সন্ধ্যায় রেড রোড হয়ে ময়দানের পিডব্লুডি টেন্টের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় রেড রোডের একটি সংযোগস্থলে লাল সিগন্যাল থাকলেও ভিভিআইপির কনভয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার তোড়জোড় করছিলেন ওই অঞ্চলে মুখ্যমন্ত্রীর লাইন অফ রুটে থাকা এক ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। আর তা দেখে সঙ্গে সঙ্গেই নিজের গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ওই পুলিশকর্তাকে ডেকে পাঠিয়ে বলেন, তাঁর কনভয় যাওয়ার সময় যেন ট্র্যাফিক আইন না ভাঙা হয়। তাঁর গাড়ি ও কনভয়ও ট্র্যাফিক সিগন্যাল মেনে চলবে। প্রয়োজনে প্রোটোকল মেনে তাঁর কনভয় ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আইন ভেঙে ট্র্যাফিক সিগন্যাল না মেনে যেন তাঁর কনভয় না পার হতে দেওয়া হয়।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওই পুলিশকর্তাকে এ-ও বলেন যে, এটা একদম ঠিক নয়। তিনি সেরকম মুখ্যমন্ত্রীও নন। তিনি আইনের পথেই চলবেন। পুলিশের সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শুধু রেড রোডের ক্ষেত্রেই নয়, সারা শহরজুড়েই মানা হচ্ছে। এই ব্যাপারে প্রত্যেকটি থানা ও ট্র্যাফিক গার্ডকে সতর্ক করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বলে রাখা প্রয়োজন, রাজ্যে ক্ষমতার মসনদে বসার পর থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে পুলিশকে সম্পূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন, অন্যদিকে সবাইকে আইন মেনে চলার বার্তা দিয়েছেন। সেই আইনের উর্ধে তিনিও যে নন, তা স্পষ্ট পুলিশকে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এহেন নির্দেশের প্রশংসায় পঞ্চমুখ নাগরিকসমাজ। অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী হলে এমনই হওয়া উচিৎ!  

You might also like!