
বাসন্তী (দক্ষিণ ২৪ পরগনা), ৬ জুন: ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, মঙ্গলবার সকালে ছড়ানেখালি গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই গ্রামের আরও দু'জনের।
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় শুধুমাত্র বাসন্তীর বাসিন্দা ৫ জনের মৃত্যু হয়েছে, রাজ্যপাল এদিন বাসন্তী পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। ট্রেন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে বাসন্তীতে হাহাকার, রাজ্যপালকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। রাজ্যপালের কাছে কাতর আর্তি জানান বাসন্তীর মৃতদের পরিজনরা, তাঁরা বলেন, ‘আমাদের এখানে পানীয় জল নেই, খাবার নেই, বাসস্থান নেই, বিদ্যুতের সমস্যা। একটু দেখুন স্যার...।’ রাজ্যপাল তাঁদের সকলকে আশ্বস্ত করেছেন।
