West Bengal

1 hour ago

Shantipur News: শান্তিপুরে পাটের গুদামে ভয়াবহ আগুন, ৭০ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা

Massive fire at a jute warehouse in Shantipur
Massive fire at a jute warehouse in Shantipur

 

শান্তিপুর, ২৪ আগস্ট : মধ্যরাতে শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের চাঁদকুড়ি এলাকায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত প্রায় ১টা নাগাদ ব্যবসায়ী হাসিবুল শেখের পৈতৃক পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। চাপাকল থেকে বালতিতে জল এনে এবং বাড়ির পাম্পের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাঁরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় রানাঘাট থেকেও একটি ইঞ্জিন ও দমকলকর্মীদের একটি দল ঘটনাস্থলে আসে। প্রায় ছয় ঘণ্টার লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাটের গাঁটের ভিতরে আগুন ও ধোঁয়া থাকায় সকাল পর্যন্ত জল দিয়ে আগুন সম্পূর্ণ নেভানোর কাজ চলে।

সোমবার সকালে ব্যবসায়ী দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লরি পাট পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষ টাকা। তাঁর দাবি, রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা কম। তিনি নাশকতার আশঙ্কাও প্রকাশ করেছেন। মাঝেমধ্যেই গুদাম থেকে পাট চুরির অভিযোগও করেছেন তিনি। শান্তিপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ-সহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

You might also like!