
দিঘা, ১১ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দিঘায় বেড়াতে গিয়ে প্রবল জলোচ্ছ্বাসের সাক্ষী হলেন পর্যটকরা। সমুদ্রসৈকত থেকেই সমুদ্রস্নানে মেতে ওঠেন পর্যটকরা। রবিবার সকাল থেকে দিঘার আকাশ মুখ ঢেকেছিল কালো মেঘে। সঙ্গে ছিল ঝিরঝিরে বৃষ্টিও। পূর্ণিমার ভরা কটাল থাকায় রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। গার্ডওয়াল টপকে বড়বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। পর্যটকদের একাংশ অবশ্য বৃষ্টি উপেক্ষা করেই সমুদ্রসৈকত থেকে মেতে ওঠেন স্নানে।
এমন পরিস্থিতিতে কোনও ভাবেই যাতে পর্যটকরা সমুদ্রস্নানে নেমে না পড়েন, সে দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। জোয়ারের সময় সমুদ্রের প্রতিটি ঘাটই দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে মোতায়েন রাখা হয় নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। রবিবার পর্যটকদের অনেকেই বৃষ্টি মাথায় নিয়ে সমুদ্র সৈকতে এসে পৌঁছন। সমুদ্রের ঢেউ বড় বড় হওয়ায় তা গার্ডওয়াল টপকেও পৌঁছে যায় সৈকতেও।
