
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টমেটোর ক্রেটের আড়ালে চলছিল কয়লা পাচার। কিন্তু পথেই ম্যাটাডোর দুর্ঘটনার কবলে পড়তেই ফাঁস হয়ে যায় পুরো কাণ্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ম্যাটাডোরে বেআইনিভাবে কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশের নজর এড়াতে কয়লার স্তূপের উপর সাজানো হয়েছিল একের পর এক সবজির বাক্স। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল, ভোরবেলা বাজারে পাঠানোর জন্য টমেটো বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু গাড়ি উল্টে যেতেই প্রকাশ্যে আসে আসল রহস্য।
অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় ম্যাটাডোর। বুধবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের গোবিন্দপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে গুসকরা ফাঁড়ির পুলিশ। তবে ততক্ষণে গাড়ি ফেলে চম্পট দিয়েছে চালক ও খালাসি। পুলিশ ওই গাড়ি সহ কয়লা আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে ওই ম্যাটাডোরটি গুসকরার দিকে যাচ্ছিল। গোবিন্দপুরের কাছে ম্যাটাডোরের সামনের একটি চাকা ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ম্যাটাডোর উলটে যেতেই সবজির ক্রেটগুলি ছিটকে পড়ে রাস্তায়। এরপরই ঝুলি থেকে বেড়িয়ে পড়ে বিড়াল থুরি কয়লা। যার উপরে থরে থরে সাজানো ছিল টমেটোর ক্রেট। স্থানীয় বাসিন্দারা দেখেই খবর দেয় পুলিশে। এরপর দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করতে নিয়ে আসা হয় ক্রেন। তবে চালক ও খালাসির হদিশ পায়নি পুলিশ। এই কয়লা কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তা জানতে তদন্ত শুরু হয়েছে।
