দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পানিহাটির নির্বাচনী লড়াই ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। ভোটের মুখে ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী রত্না দেবনাথকে সমন পাঠানোকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূচনা হয়েছে। যদিও তিনি সেই সমন গ্রহণ করতে অস্বীকার করেছেন, কারণ হিসেবে জানিয়েছেন, নোটিসে তাঁর স্বামীর নাম ভুলভাবে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়-কে উদ্দেশ্য করে করা এক কটু মন্তব্য ভাইরাল হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাকে ঘিরে প্রশাসনিক পদক্ষেপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। অন্যদিকে, রত্না দেবনাথের দাবি—এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চাপ সৃষ্টির কৌশল। ফলে ভোটের আগে এই ঘটনা পানিহাটির নির্বাচনী আবহকে আরও তপ্ত করে তুলেছে।
মঙ্গলবার আচমকাই পানিহাটির বিজেপি প্রার্থীর কাছে পুলিশের সমন পৌঁছয়। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন বলে জানা যায়। কিন্তু রত্না দেবনাথের অভিযোগ, সমনে তাঁর স্বামীর নাম ভুল আছে, তাই তিনি পুলিশের ওই নোটিস গ্রহণ করেননি। এরপরই তৃণমূলের উদ্দেশে তোপ দেগে অভয়ার মা বলেন, ‘‘আমাকে এত কটু কথা ওরা (তৃণমূল) বলেছে যে তৃণমূলের ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে। তাদের ভাণ্ডারে আর কোনও কথা নেই, যেটা অভয়ার মাকে বলতে পারে। সেই কারণেই সমন পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”
গত সপ্তাহে পানিহাটিতে প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন, বিজেপি প্রার্থীকে কোনওভাবে সীমা লঙ্ঘন করে কোনও আক্রমণ নয়। সেটাই তৃণমূলের সৌজন্য এবং শালীনতা। অভিষেক যতটা সৌজন্য দেখিয়েছেন, তেমনটা কিন্তু রত্নাদেবীর প্রতিক্রিয়া নয়। তিনি সাফ বললেন, ‘‘ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে আর অন্যদিকে পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! আমার মনোনয়নের আগে থেকে আমার উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু আমি বলেছি, আপনারা আমার দিকে ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ, আমি আমার পৃথিবী, আমার মেয়েকে হারিয়েছি। আর কিছু হারানোর নেই। তাই আমাকে ভয় দেখানো যাবে না।”
