
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। একসঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল রাজ্যের গোয়েন্দা প্রধানের পদে। সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে সুপ্রতিম সরকারকে এডিজি টেলিকমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পেলেন নটরাজন রমেশবাবু, যিনি এতদিন কারা বিভাগের ডিজি পদে ছিলেন। মঙ্গলবার নবান্ন থেকে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়।
সম্প্রতি বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ফলে পুলিশ প্রশাসনের বাড়তি নজর বারুইপুরে। এই ঘটনায় একাধিকবার তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। এবার বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল হল। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাস হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে, ডিআইবি, বারুইপুর হয়েছেন পিনাকী দত্ত। তিনি ছিলেন বারুইপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
বদলি হওয়া আইপিএসদের মধ্যে রয়েছেন দুঁদে পুলিশ অফিসার কে জয়রামন। তাঁকে এডিজি, উত্তরবঙ্গ থেকে সরিয়ে আনা হয়েছে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর পদে। পশ্চিমাঞ্চলের এডিজি পদ থেকে সরিয়ে আইপিএস বিশাল গর্গকে আনা হয়েছে আইবি-তে। এসটিএফের আইজি পদে ছিলেন দক্ষ অফিসার প্রবীণ ত্রিপাঠি। তাঁকে বদলি করা হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হোমগার্ড বিভাগে, সেখানকার আইজি হয়েছেন তিনি। বদল হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও। সেখানকার ডিসি পদে ছিলেন আইপিএস স্পর্শ নীলাঙ্গী। তাঁকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হল।

এছাড়া বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেরও বদলি হয়েছে। কোচবিহার, দার্জিলিংয়ের এসপি পদে রদবদল হয়েছে। আইপিএস প্রতীক্ষা ঝড়খড়িয়া ছিলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার। তাঁকে কলকাতা পুলিশে বদলি করে নতুন এসপি করা হয়েছে শ্রীকান্ত জগন্নাথ রাওকে। তিনি ছিলেন কলকাতার ডিসি, ডিডি। আইপিএস মণীশ যোশিকে কলকাতা ট্রাফিক বিভাগ থেকে সরিয়ে কোচবিহারের এসপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বদলি নিঃসন্দেহে সুপ্রতিম সরকারের। নতুন বিজেপি সরকারের আমলে তাঁকে সিআইডি অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধান পদে আনা হয়েছিল। নতুন বিজেপি সরকারের আমলে তাঁকে সিআইডি অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধান পদে আনা হয়েছিল। সিআইডি এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে। তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের সময়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া অভিযোগের তদন্ত। সেই মামলায় একবার সুপ্রতিম সরকারের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল অভিষেককে। দায়িত্ব নেওয়ার মাস খানেকের মধ্যেই তাঁকে সরতে হল। এখন রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান নটরাজন রমেশবাবু, অত্যন্ত দক্ষ বলে পুলিশ মহলে যাঁর খ্যাতি রয়েছে।
