Technology

1 hour ago

WhatsApp Cyber Safety: অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ? আগেই সতর্ক করবে নতুন ফিচার, জালিয়াতি ঠেকাতে মেটার বড় পদক্ষেপ

Cyber Safety on WhatsApp
Cyber Safety on WhatsApp

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাইবার প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। কখনও চাকরির প্রলোভন, কখনও লটারির টোপ, আবার কখনও পরিচিত সেজে প্রতারকদের ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিতে চলেছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপটি এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা অচেনা নম্বর থেকে আসা বার্তার ক্ষেত্রে ব্যবহারকারীদের আগাম সতর্ক করবে। কোনও অপরিচিত নম্বর থেকে মেসেজ এলেই চ্যাট খুলবার আগে বিশেষ একটি তথ্যপর্দা দেখা যাবে। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে যে নম্বরটি ব্যবহারকারীর কনট্যাক্ট তালিকায় নেই। 

শুধু তাই নয়, ওই নম্বরটি কোন দেশের, সেই ব্যক্তি ব্যবহারকারীর সঙ্গে কোনও সাধারণ গ্রুপে যুক্ত রয়েছেন কি না— এমন গুরুত্বপূর্ণ তথ্যও দেখানো হবে। ফলে চ্যাট শুরু করার আগেই ব্যবহারকারী পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে পারবেন, আদৌ কথোপকথন চালিয়ে যাবেন কি না। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় এই ধরনের ফিচার অত্যন্ত কার্যকর হতে পারে। বিশেষ করে বিদেশি নম্বর থেকে আসা সন্দেহজনক বার্তার ক্ষেত্রে ব্যবহারকারীরা সহজেই সতর্ক হতে পারবেন। 

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে এটি ধাপে ধাপে সকল ব্যবহারকারীর জন্য চালু করা হতে পারে। ব্যবহারকারীদের সাইবার জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখতেই মেটার এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে এই সুবিধা সবার জন্য চালু হয়। 


You might also like!