
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্রেফ ট্রেনের টিকিট কাটার জন্য আলাদা অ্যাপ ফোনে রাখতে হয়। তার জন্য ফোনের স্টোরেজও খরচ হয়। এবার সেই ঝামেলা অনেকটাই কমাতে চলেছে উবের। ক্যাব বুকিংয়ের পাশাপাশি এবার একই অ্যাপ থেকেই ট্রেনের টিকিট কেটে নেওয়ার সুযোগ মিলবে। শুধু টিকিট বুকিং নয়, ট্রেনের PNR চেক-সহ একাধিক পরিষেবাও পাওয়া যাবে উবেরের নতুন ফিচারে।
এতদিন উবের অ্যাপের মাধ্যমে ক্যাব, বাইক কিংবা ঘণ্টার হিসাবে গাড়ি ভাড়া করার সুবিধা পাওয়া যেত। পাশাপাশি পার্সেল পাঠানোর পরিষেবাও রয়েছে। এবার পরিষেবার পরিধি আরও বাড়াতে চলেছে সংস্থাটি। জানা গিয়েছে, ভারতীয় রেলের টিকিট বুকিং প্ল্যাটফর্ম ইক্সিগোর সঙ্গে হাত মিলিয়েছে উবের। লক্ষ্য, একটি অ্যাপের মাধ্যমেই যাত্রীদের বিভিন্ন ধরনের পরিবহণ পরিষেবা দেওয়া। শুধু ট্রেন নয়, উবেরের নতুন ফিচারের মাধ্যমে দূরপাল্লার বাসের টিকিটও বুক করা যাবে। এমনকি ট্রেনে যাত্রা শেষ করার পর গন্তব্যে পৌঁছনোর জন্য ক্যাব বা অটো বুক করার সুবিধাও থাকবে। অর্থাৎ, ট্রেন থেকে শুরু করে শেষ গন্তব্য পর্যন্ত যাত্রার বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা একই অ্যাপ থেকেই নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন আইআরসিটিসির ওয়েবসাইটে প্রায় সাড়ে ১৪ লক্ষ টিকিট বিক্রি হয়। বহু যাত্রী আবার অ্যাপের মাধ্যমেও অনলাইনে টিকিট কাটেন। পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে প্রায় ৭৪১ কোটি যাত্রী ট্রেনে সফর করেছেন। তাঁদের বড় অংশই অনলাইনে টিকিট বুক করেন। এই বিপুল সংখ্যক যাত্রীকে মাথায় রেখেই উবেরের এই নতুন উদ্যোগ। আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রেই ক্যাপচা, পপ-আপ কিংবা অন্যান্য ধাপের কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। উবেরের নতুন পরিষেবায় তুলনামূলক সহজ প্রক্রিয়ায় টিকিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে বলেই জানা যাচ্ছে। ফলে আলাদা করে একাধিক অ্যাপ ব্যবহার করার প্রয়োজন অনেকটাই কমবে।
কীভাবে উবের অ্যাপে ট্রেনের টিকিট কাটবেন? ফোনে উবের অ্যাপ খুললেই ট্রেন এবং বাস বুকিংয়ের অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই বিভিন্ন ট্রেনের সময়, রুট এবং আসনের তথ্য পাওয়া যাবে। পছন্দের ট্রেন বেছে নেওয়ার পর যাত্রীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর প্রয়োজন হবে ইউজারের IRCTC আইডির। কারও IRCTC আইডি মনে না থাকলে ইমেলের মাধ্যমে সেই তথ্য পুনরায় খুঁজে নেওয়ার সুযোগও থাকবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর পেমেন্টের প্রক্রিয়া সম্পূর্ণ করলেই উবের অ্যাপ থেকেই ট্রেনের টিকিট বুক হয়ে যাবে। পাশাপাশি বুক করা টিকিটের ভিত্তিতে ট্রেনে ওঠার আগে কিংবা গন্তব্যে পৌঁছনোর পর ক্যাব, অটো বা অন্যান্য যানবাহন বুক করে রাখার সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ, উবেরের এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ট্রেন, বাস এবং ক্যাব—যাতায়াতের একাধিক পরিষেবা একটি অ্যাপের মধ্যেই পাওয়া যাবে। ফলে আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করে ফোনের স্টোরেজ খরচ করার প্রয়োজনও অনেকটাই কমতে পারে।
