Technology

1 hour ago

WhatsApp Update: হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ রুখতে নয়া ফিচার, সন্দেহজনক মেসেজ এলেই মিলবে ‘স্ক্যাম অ্যালার্ট’

WhatsApp Scam Alert Feature
WhatsApp Scam Alert Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হ্যাকারের ফাঁদ এখন ছড়িয়ে রয়েছে অনলাইন দুনিয়ার প্রায় সর্বত্র। অসতর্কতার সামান্য সুযোগ পেলেই প্রতারণার শিকার হতে পারেন যে কেউ। তাই ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতই নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করছে মেটা। এবার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও যোগ হতে চলেছে এমনই একটি নিরাপত্তা ফিচার। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘স্ক্যাম অ্যালার্ট’।

তবে আপাতত পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে এই ফিচার। নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে এর পরীক্ষামূলক সংস্করণ পাঠানো হয়েছে বলে খবর। বিভিন্ন পরিস্থিতিতে ফিচারটি কী ভাবে কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, কোনও মেসেজকে সন্দেহজনক বলে মনে হলে চ্যাটের মধ্যেই একটি সতর্কবার্তা বা ‘ওয়ার্নিং মেসেজ’ দেখতে পাবেন প্রাপক। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সতর্কবার্তা শুধুমাত্র যিনি মেসেজটি পেয়েছেন, তিনিই দেখতে পারবেন। অর্থাৎ অন্য প্রান্তে থাকা সম্ভাব্য প্রতারক বিষয়টি জানতে পারবেন না। এরপর ব্যবহারকারী নিজের সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যক্তিকে ব্লক কিংবা রিপোর্ট করতে পারবেন। আবার বার্তাটি যদি সন্দেহজনক না বলে মনে হয়, সেক্ষেত্রে সতর্কবার্তাটি মুছে দেওয়ার সুযোগও থাকবে। তখন পরবর্তী সময়ে ওই প্রেরকের মেসেজে আর ‘স্ক্যাম অ্যালার্ট’ দেখাবে না।

বর্তমানে দৈনন্দিন জীবনের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে কাজকর্ম—প্রায় সব ক্ষেত্রেই এই মেসেজিং অ্যাপের ব্যবহার রয়েছে। ফলে সাইবার প্রতারকদের নজরও যে এই প্ল্যাটফর্মের দিকে থাকবে, তা বলাই বাহুল্য। বিষয়টি মাথায় রেখেই ব্যবহারকারীদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ করছে মেটা। এর আগে বহু ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আচমকাই ব্লক হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছিল। পরিষেবার শর্ত লঙ্ঘন হচ্ছে কি না, তা যাচাই করতে অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইস সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হচ্ছিল বলে জানা যায়। আগাম কোনও নোটিস ছাড়াই অ্যাকাউন্ট ব্লক হওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। এবার ‘স্ক্যাম অ্যালার্ট’ চালু হলে সন্দেহজনক বার্তা শনাক্ত করা এবং প্রতারণা থেকে ব্যবহারকারীদের সতর্ক করার ক্ষেত্রে আরও এক ধাপ এগোবে হোয়াটসঅ্যাপ। সব মিলিয়ে প্ল্যাটফর্মের নিরাপত্তা আরও জোরদার করতে মেটার তৎপরতা অব্যাহত। 

You might also like!