
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রথমে কর্মীদের জানানো হয়েছিল বাড়ি থেকেই কাজ করতে। অফিসে না এলেও চলবে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার কর্মীর ইনবক্সে পৌঁছে গেল চাকরি হারানোর ই-মেল। ফের বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটল মেটা। জানা গিয়েছে, মোট প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে সংস্থা, যা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেটার মোট কর্মী সংখ্যা প্রায় ৭৮ হাজার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ একাধিক দেশের কর্মীদের হঠাৎ করেই ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দেওয়া হয়। এরপর ভারতীয় সময় গভীর রাতে বহু কর্মীর কাছে পৌঁছয় ছাঁটাইয়ের মেল। জানা গিয়েছে, সেই মেল পাঠানো হয়েছে সিঙ্গাপুর অফিস থেকে।
তবে শুধু ছাঁটাই নয়, সংস্থার ভিতরেও বড়সড় পুনর্গঠনের কাজ চলছে। মেটার তরফে জানানো হয়েছে, প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআই-কেন্দ্রিক দলে স্থানান্তর করা হবে। পাশাপাশি প্রায় ৬ হাজার শূন্য পদ পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। সংস্থার বক্তব্য, এখন তারা আরও ছোট ও দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম টিম তৈরি করতে চাইছে। কর্মীদের একাংশের দাবি, গত কয়েক মাস ধরেই পরিস্থিতির ইঙ্গিত মিলছিল। কারণ, মেটা ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উপর জোর বাড়াচ্ছিল। সংস্থার অধিকাংশ বিনিয়োগও এখন সেই ক্ষেত্রেই করা হচ্ছে। মনে করা হচ্ছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিমের কর্মীরাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন।

বিশেষজ্ঞদের একাংশের মতে, অফিসে কোনওরকম উত্তেজনা বা বিশৃঙ্খলা এড়াতেই আগে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে পাঠানো হয় ছাঁটাইয়ের বার্তা। আশঙ্কা করা হচ্ছে, বছরের শেষের দিকে আরও কর্মী ছাঁটাই হতে পারে। উল্লেখ্য, চলতি বছরে এআই খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনার কথাও আগেই জানিয়েছিল মেটা। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করা হতে পারে, যার বড় অংশই বরাদ্দ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে।
