
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভ্রমণের পরিকল্পনা হলেই প্রথম কাজ ব্যাগ গোছানো। জামাকাপড়, প্রসাধনী, প্রয়োজনীয় নথি— সব কিছুই কোনও মতে গুছিয়ে নেওয়া যায়। কিন্তু সমস্যায় ফেলতে পারে জুতো। বিশেষ করে একাধিক জুতো সঙ্গে নিতে হলে ব্যাগে জায়গার অভাব, ওজন বেড়ে যাওয়া এবং জামাকাপড় নোংরা হওয়ার আশঙ্কা থেকেই যায়।
বর্তমানে অনেকেই বেড়াতে গিয়ে বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই আলাদা জুতো ব্যবহার করতে পছন্দ করেন। হাঁটার জন্য স্নিকার্স, হোটেল বা সমুদ্রসৈকতের জন্য স্লিপার, আবার বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য আলাদা জুতো— সব মিলিয়ে একাধিক জুতো নেওয়াটা এখন বেশ সাধারণ বিষয়। তবে সঠিক উপায়ে প্যাকিং করলে এই ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।
∆ কী ভাবে গুছিয়ে রাখবেন জুতো?
১. জুতোর ভিতরের ফাঁকা জায়গার ব্যবহার: জুতো জায়গা নিচ্ছে। তবে ব্যাগের কিছু জায়গা ফাঁকাও করে দিতে পারে জুতো। এ ক্ষেত্রে কাজে দেবে জুতোর ভিতরের খালি অংশটুকু। জুতো জোড়া ব্যাগে রাখার আগে তার ভিতরে মোজা, রুমাল, অন্তর্বাস (প্যাকেটে ভরে নেবেন অবশ্যই), বেল্ট কিংবা ছোটখাটো গ্যাজেটের চার্জার, হেডফোন ভাল করে গুটিয়ে ঢুকিয়ে দিন। এতে এক দিকে যেমন ব্যাগের অনেকটা জায়গা বেঁচে যাবে, তেমনই চাপ লেগে জুতোর আকৃতি নষ্ট হবে না বা চেপ্টে যাবে না।
২. শাওয়ার ক্যাপ বা পুরনো মোজা: প্যাকিংয়ের সময় সবচেয়ে বড় ভয় থাকে, জুতোর তলার নোংরা লেগে যেন সাধের জামাকাপড় নষ্ট না হয়। এর জন্য দামি শ্যু-ব্যাগ কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে এক বার ব্যবহার করে ফেলে দেওয়ার ওয়ান-টাইম শাওয়ার ক্যাপ পাওয়া যায়। জুতোর নিচের অংশটি শাওয়ার ক্যাপ দিয়ে মুড়ে দিলে নোংরা বাইরে ছড়াবে না। অথবা পুরনো বড় সাইজের উলের মোজার ভেতরেও জুতো ঢুকিয়ে দিতে পারেন।
৩. ইন্টারলকিং বা ‘হিল-টু-টো’ টেকনিক: জুতো জোড়া ব্যাগে কী ভাবে রাখছেন, তার ওপর নির্ভর করে, সেটি কতটা জায়গা নেবে। জুতোজোড়াকে কখনো পাশাপাশি সোজা করে রাখবেন না। একটি জুতোর হিল বা গোড়ালির দিকে অন্য জুতোর টো বা সামনের অংশটি মুখ করে জোড়া লাগান। এর পর এই জোড়াটিকে ব্যাগের একেবারে নীচের দিকে বা চাকার পাশে রাখুন। ভারী জুতো নীচে থাকলে ব্যাগের ভারসাম্য বজায় থাকবে এবং জামাকাপড় কুঁচকে যাবে না।
৪. জুতোর ব্যাগ: এখন জুতো প্যাক করার নানা রকমের সুন্দর ব্যাগ পাওয়া যায় বাজারে। জ়িপলক ব্যাগে জুতো রাখার সুন্দর বন্দোবস্ত থাকে তাতে। তেমন একটি ব্যাগ কিনে নিলে সহজেই হবে মুশকিল আসান।
ভ্রমণের সময় ছোট ছোট এই কৌশলগুলি মেনে চললে ব্যাগ থাকবে পরিপাটি, জায়গাও বাঁচবে। ফলে প্রয়োজনীয় সব কিছু নিয়েও নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন আপনার বেড়ানোর আনন্দ।
