
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল এলেই অনেক বাড়িতেই শুরু হয় লাল পিঁপড়ের দাপট। রান্নাঘর, খাবার রাখার তাক, এমনকি শোবার ঘরেও দেখা যায় তাদের লম্বা সারি। খাবারের সামান্য গন্ধ পেলেই দল বেঁধে হাজির হয় তারা। বিস্কুট, মিষ্টি কিংবা চিনিযুক্ত কোনও খাবার খোলা থাকুক বা না থাকুক, সুযোগ পেলেই তাতে হানা দেয় পিঁপড়েরা। শুধু খাবার নষ্ট করাই নয়, অসাবধানতাবশত তাদের স্পর্শ করলে জ্বালাযুক্ত কামড়ও খেতে হতে পারে।
বিশেষ করে বাড়িতে ছোট শিশু বা পোষ্য প্রাণী থাকলে রাসায়নিক পিঁপড়ে মারার ওষুধ ব্যবহার নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারণ এসব ওষুধ ভুলবশত শিশু বা প্রাণীর সংস্পর্শে এলে বিপদের আশঙ্কা থেকে যায়। তাই নিরাপদ বিকল্প হিসেবে অনেকেই ভরসা রাখছেন ঘরোয়া কিছু সহজ উপায়ের উপর।
* দারুচিনির সঙ্গে পিঁপড়েদের সম্পর্ক আদায়-কাঁচকলায়! এর তীব্র গন্ধে পিঁপড়ে টিকতে পারে না। ফলে পিঁপড়ের চলার পথে ছিটিয়ে দেওয়া যায় দারুচিনির গুঁড়ো। অথবা দারুচিনি তেলে গুলে, তাতে তুলো ভিজিয়ে রেখে দিন ঘরের আনাচে কানাচে। দিনকতক এই তুলো বদলে বদলে দিন। পিঁপড়েরা গৃহস্থের ঘর ছাড়তে বাধ্য!
* এই গরমে রান্নাঘরে পাতিলেবু থাকবে না, তা কি হয়? লেবুর রস তো বটেই, স্রেফ খোসাও পিঁপড়েদের দূরে রাখতে কাজে দেয়। পিঁপড়ের হাঁটার পথে ছিটিয়ে দিতে পারেন লেবুর রস। খোসার টুকরো কেটে ঘরের কোন, খাবারের টেবিল, খাবার রাখার আলমারিতে এদিক সেদিক ছড়িয়ে দিন। এর টক গন্ধে তফাতে যাবে পিঁপড়ের দল।
* এ কাজে সবচাইতে সুনাম অবশ্য হোয়াইট ভিনিগারের। বোতলে অর্ধেক জল ও অর্ধেক পরিমাণ হোয়াইট ভিনিগার মিশিয়ে নিন, স্প্রে করুন পিঁপড়ের চলার পথে। প্রথম দুদিন দিনে কয়েকবার সরে করতে থাকুন। চটজলদি রেহাই মিলবেই।
* এত হ্যাপা না পোষালে অবশ্য আরও সহজ সমাধান রয়েছে রান্নাঘরেই। স্রেফ সাদা নুনেই হতে কেল্লা ফতে! পিঁপড়ের চলার পথে ছড়িয়ে দিন নুন। চাইলে বেকিং সোডাও মিশিয়ে দিতে পারেন তার সঙ্গে। পিঁপড়ে প্রাথমিকভাবে সেই পথ এড়িয়ে চলবে। বারবার বাধাপ্রান্ত হলে আসাই বন্ধ করে দেবে সেই ঘরে।
তবে ঘরোয়া টোটকা ব্যবহার করলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাই সবচেয়ে কার্যকর উপায় বলে মত বিশেষজ্ঞদের। সামান্য সতর্কতাই গরমের দিনে লাল পিঁপড়ের উপদ্রব থেকে অনেকটাই মুক্তি দিতে পারে।
