
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অনলাইন গেমের প্রতি আসক্তি দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। স্মার্টফোন হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভার্চুয়াল দুনিয়ায় ডুবে থাকছে ছোটরা। এই অতিরিক্ত আসক্তিই সম্প্রতি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে তিন নাবালিকার প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, অনলাইন গেম শুধু সময় নষ্টই করছে না, বরং শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ থেকে শুরু করে আচরণগত সমস্যাও তৈরি হচ্ছে এই আসক্তির ফলে। তার পাশাপাশি আরও বড় বিপদ লুকিয়ে রয়েছে সাইবার দুনিয়ায়। সামান্য অসাবধান হলেই সাইবার অপরাধীদের পাতা ফাঁদে জড়িয়ে পড়তে পারে শিশুরা। বর্তমানে অনলাইনে নানা ধরনের প্রতারণামূলক কাজকর্ম চলছে—ভুয়ো লিঙ্ক, ইন-গেম রিওয়ার্ডের লোভ, ব্যক্তিগত তথ্য চুরি কিংবা আর্থিক প্রতারণা। ডিজিটাল গেম এখন সাইবার অপরাধীদের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠেছে।
∆ গেমিংয়ের উপর নজর রাখার উপায়-
সন্তান অনলাইনে কী করছে, তা সরাসরি জানতে না চেয়ে বরং কৌশলে জেনে নিন। কী কী খেয়াল করবেন?
১. পেরেন্টাল কন্ট্রোল অ্যাপ: গুগ্ল ফ্যামিলি লিঙ্কের মতো অ্যাপ ব্যবহার করে আপনি অনলাইন গেম খেলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। কোন ধরনের গেম ফোনে ডাউনলোড হবে, খেলার সময় কত ক্ষণ, তা আপনার হাতেই থাকবে।
২. গেমের রেটিং চেক করুন: গেমটি ডাউনলোড করার আগে তার রেটিং দেখুন। এতে বোঝা যায়, গেমটি কোন বয়সের জন্য উপযুক্ত।
৩. অ্যাপে নজরদারি: খুদে কোন অ্যাপ ইনস্টল করে গেম খেলছে, তা যাচাই করে নিন। একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা থেকেই গেম ডাউনলোড করতে হবে। এখন নানা ভুয়ো ওয়েবসাইট খুলে সেখানে জমকালো বিজ্ঞাপন দিয়ে গেম খেলার জন্য আকর্ষণ করা হচ্ছে কমবয়সিদের।
৪. ওপেন স্পেস গেমিং: সন্তানকে নিজের ঘরে দরজা বন্ধ করে গেম খেলতে না দিয়ে সকলের সামনে খেলার অভ্যাস করান। এতে সে কী দেখছে বা কার সঙ্গে কথা বলছে, তা নজরে থাকবে।
৫. অনলাইন গেমের বন্ধুদের চিনুন: অনেক গেমে 'লাইভ চ্যাট' অপশন থাকে। সন্তান অপরিচিত কারও সঙ্গে চ্যাট করছে কি না, বা ব্যক্তিগত তথ্য দিচ্ছে কি না, তা নজরে রাখুন।
∆ অভিভাবকদের জন্য সতর্কতা-
১) দিনে সর্বোচ্চ এক থেকে দেড় ঘণ্টার বেশি গেম খেলতে দেবেন না। শুরু থেকেই এই নিয়ম জারি করুন।
২) সন্তানকে বোঝান যে, অনলাইনে অপরিচিত কেউ তাকে ছবি পাঠাতে বললে বা আপত্তিকর কথা বললে, যেন যে আপনাদের জানায়।
৩) অনলাইন গেম চলাকালীন অনেক সময়েই টাকাপয়সার লেনদেন করার নোটিফিকেশন আসে। খেয়াল রাখবেন, তেমন কিছু আসছে কি না। যদি ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য চাওয়া হয় বা কোনও রকম কিউআর কোড স্ক্যান করতে বলা হয়, তা হলে সতর্ক হয়ে যান।
৪) গেমের মারফত কেউ সন্তানের নাম, ঠিকানা বা স্কুলের নাম জানতে চাইছে কি না, খেয়াল রাখুন। ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হতে হবে।
৫) যে মোবাইলে খুদে গেম খেলছে, সেখানে শক্তিশালী অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখুন। ফোনের সফ্টঅয়্যার সময়ান্তরে আপডেট করুন। কোনও রকম অজানা লিঙ্ক আসছে কি না, তা নজরে রাখুন।
