
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত—সমস্যা কিন্তু দুই ক্ষেত্রেই আলাদা ভাবে দেখা দেয়। কারও চামড়া ফেটে যায়, কারও আবার নাকের দু’পাশ, গাল কিংবা থুতনিতে হঠাৎ করেই ব্রণের উপদ্রব শুরু হয়। শুধু আবহাওয়ার পরিবর্তন বা দূষণই নয়, হরমোনের ওঠানামা, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম কিংবা খাদ্যাভ্যাসের গড়মিলও ব্রণর অন্যতম কারণ।
সবচেয়ে বড় সমস্যা হল, ব্রণ সেরে গেলেও তার দাগ সহজে যেতে চায় না। আর ঠিক তখনই যদি বিয়েবাড়ি বা বিশেষ কোনও অনুষ্ঠানের নিমন্ত্রণ থাকে, তা হলে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক মেকআপ কৌশল জানলে সহজেই ঢেকে ফেলা যায় ব্রণ ও তার দাগ।
∆ কীভাবে করবেন মেকআপ?
* সবচেয়ে আগে ভাল করে ক্নিনজ়িং মিল্ক দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। যাতে ধুলোময়লা না লেগে থাকে। ত্বক পরিষ্কার করার সঙ্গে সঙ্গে টোনার আর ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে।
* খুঁত ঢাকার জরুরি ধাপ হল প্রাইমার। মুখে দাগ-ছোপ থাকলে, ব্রণের জন্য গর্ত হয়ে গেলে বা ত্বকের রন্ধ্রমুখ যদি বড় হয়, তা ঢেকে দিতে সাহায্য করবে প্রাইমার। ত্বকের উপযোগী প্রাইমার বাছুন।
* এর পর মুখের মাঝের অংশে ফাউন্ডেশন লাগিয়ে ধীরে ধীরে তা বাইরের দিকে ব্লেন্ড করুন। ত্বকের দাগছোপ অনেক বেশি থাকলে কনসিলার লাগান। যত ক্ষণ না কনসিলার ও ফাউন্ডেশন ত্বকের সঙ্গে একেবারে মিশে যাচ্ছে, তত ক্ষণ ধৈর্য্য ধরে ব্লেন্ড করুন। পাউডারের সাহায্যে বেস মেকআপ সেট করে নিন। ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বাছতে হবে। তবে অনেকেই মনে করেন, পুরু করে ফাউন্ডেশন লাগালেই ব্রণর দাগ, ডার্ক সার্কল সব কিছু ঢাকা পড়বে। তা কিন্তু মোটেই নয়। বরং বেশি মোটা করে ফাউন্ডেশন লাগালে, রূপটানে কৃত্রিমতার ছাপ ধরা পড়বে। তাই ঠিক যতটা ফাউন্ডেশন জরুরি, ততটাই মাখুন।
* মেকআপ করতে ভাল লাগলেও তোলার সময় আলস্য আসে। তবে মেকআপ না তুললে ব্রণর সমস্যা আরও বাড়তে পারে। মেকআপ তোলার জন্য ‘ডবল ক্লিনজিং’ পদ্ধতি ব্যবহার করুন। কারণ এক বার ফেসওয়াশ করলে কিংবা শুধু মেকআপ রিমুভার ব্যবহার করলে মুখ পরিষ্কার হয় না। প্রথমে মেকআপ রিমুভার ব্যবহার করে মেকআপ তুলে ফেলুন। এর পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। সব শেষে অ্যালো ভেরা জেল লাগিয়ে নিলে ত্বক নরম থাকবে।
∆ বাড়তি টিপস:
* ব্রণ খুঁটবেন না, এতে দাগ আরও গাঢ় হতে পারে।
* ভারী মেকআপের বদলে লেয়ারিং কৌশল ব্যবহার করুন।
* মেকআপ শেষে ভালো করে পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
সঠিক প্রস্তুতি ও কৌশলে ব্রণ আর দাগ কোনও বাধাই নয়। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সৌন্দর্য—তাই নির্ভয়ে সেজে উঠুন, যে কোনও অনুষ্ঠানে থাকুন উজ্জ্বল ও নিখুঁত।
