
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুন্দর, লম্বা ও পরিপাটি নখ এখন অনেকেরই স্টাইলের গুরুত্বপূর্ণ অংশ। তাই অনেকেই নিয়মিত ম্যানিকিউর করান বা বাড়িতেই যত্ন নিয়ে নেলপলিশ লাগান। কিন্তু যত্ন করে নখ সাজানোর পর যদি দু'-তিন দিনের মধ্যেই নেলপলিশ উঠে যায় কিংবা নখ ভেঙে যায়, তাহলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। অনেক সময় এর জন্য দায়ী থাকে আমাদেরই কিছু দৈনন্দিন অভ্যাস।
∆ সমস্যার সমাধানে তিন বিষয় মাথায় রাখা দরকার—
নখের আকার: যাঁদের দিনভর ঘরের নানা কাজ করতে হয় বা যাঁদের নখ একটু পাতলা, তাঁদের ক্ষেত্রে নখ বেশি লম্বা হলে সহজে ভেঙে যেতে পারে। ফলে নখের আকার নিয়ে ভাবনা জরুরি। ইদানীং অবশ্য অনেকেই কৃত্রিম নখরঞ্জনী দিয়ে নেলআর্ট করান। সেগুলি সাধারণত অনেক বেশি শক্ত হয়। তবে নিয়মিত ঘরের কাজ করতে হলে, নখ মাঝারি মাপের রাখাই ভাল।
জলের ব্যবহার: সুন্দর করে নখ শেপ করে বা নেলপলিশ পরে ঘন ঘন বাসন ধুলে বা কাপড় কাচলে তা উঠে যেতে পারে। খুব বেশি জলের ব্যবহারে নখ নরম হয়ে যায়, খুব সহজে তা ভেঙেও যেতে পারে। ঘরের কাজ করার সময় দস্তানা পরে নিন। নেলপলিশ পরার পরে টপ কোট দিতে হবে। এতে চট করে নেলপলিশ উঠে যাবে না।
দিনের শেষে যত্ন: দিনভর কাজকর্ম, খাওয়াদাওয়ায় হাত দিতেই হয়। তাই দিনের শেষে হাতেরও যত্ন দরকার। আঙুলে-নখে ময়েশ্চারাইজ়ার বা তেল মাখলে হাত নরম থাকে, নখও ভাল থাকে। তা ছাড়া, টাটকা শাকসব্জি, প্রোটিন জাতীয় খাবারও পাতে রাখা দরকার। পুষ্টির ঘাটতি হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।
সামান্য কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনলেই ম্যানিকিউরের সৌন্দর্য অনেক দিন ধরে বজায় রাখা সম্ভব। ফলে বারবার নেলপলিশ ঠিক করার ঝামেলাও কমবে, আর নখও থাকবে সুস্থ, মজবুত ও আকর্ষণীয়।
