kolkata

2 years ago

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী ও সঙ্গীদের বিদেশ সফরের বিশদ জানাতে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari  (File Picture)
Suvendu Adhikari (File Picture)

 

কলকাতা, ৭ নভেম্বর : গত সেপ্টেম্বর মাসে বিদেশ সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সফর নিয়ে বিস্তারিত তথ্য জানতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি ৷ সেখানেই এই হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷

সেপ্টেম্বরে টানা ১১ দিনের জন্য বিদেশ সফর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েকদিন তিনি স্পেনে ছিলেন৷ তার পর সংযুক্ত আরব আমিরশাহীতে৷ এই সফরের বিস্তারিত তথ্য জানতে চান বিরোধী দলনেতা৷ তাই তিনি গত ২১ সেপ্টেম্বর তথ্যের অধিকার আইনে আবেদন করেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে৷ একই আবেদন স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে করেছিলেন শুভেন্দু অধিকারী।

বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন শুভেন্দুবাবু৷ মঙ্গলবার আবারও তিনি সেই প্রসঙ্গ তুললেন৷ এবার তিনি জানিয়েছেন, তথ্যের অধিকার আইনে ৩০ দিনের মধ্যে তাঁর আবেদনের জবাব দেওয়ার কথা রাজ্য সরকারের৷ কিন্তু সেই জবাব তিনি পাননি৷ সেই কারণে গত ২ নভেম্বর তিনি আবার চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে৷ এবার তিনি আগের প্রশ্নগুলি তো করেছেনই৷ তার সঙ্গে তিনি জানতে চেয়েছেন যে কেন তাঁকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে না? রাজ্য সরকার কী লুকোতে চাইছে? তথ্যের অধিকার আইন না মানার জন্য সংশ্লিষ্ট দফতরে কে নির্দেশ দিয়েছে?

পোস্টে বিরোধী দলনেতা আরও লিখেছেন, ‘‘আমি তাদের (রাজ্য সরকার) প্রতিক্রিয়ার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করব এবং তারপরে আমি এই বিষয়ে উপযুক্ত আদালতে যাব।’’ অর্থাৎ এবারও যদি রাজ্য জবাব না দেয়, তাহলে আইনি পথে হাঁটবেন শুভেন্দু৷

শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাছ থেকে জানতে চান যে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের সময় কারা সঙ্গী হিসেবে ছিলেন? যাঁরা সঙ্গে ছিলেন, তাঁদের বেছে নেওয়ার প্রক্রিয়া কীভাবে হল? কারা শুরু থেকেই মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, আর কারা মাঝপথে যোগ দিয়েছিলেন?


You might also like!