দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবী দিবস উপলক্ষে রাজ্যের একটি এলাকায় প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সোশাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, জাতীয় মর্যাদা ও দেশের সম্মানের সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না।
বুধবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ” পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক সম্প্রদায়ের ধর্মবিশ্বাস, মতপ্রকাশ এবং সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের স্বাধীনতা সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মিলাদ-উন-নবী উপলক্ষে রাজ্যজুড়ে ধর্মীয় পতাকার পাশাপাশি আমাদের গর্বের জাতীয় পতাকা ভারতের তেরঙ্গা পূর্ণ স্বাধীনতা ও যথাযথ সম্মানের সঙ্গে বহন করা হয়েছে। একইসঙ্গে, সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার বা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে বহিরাগত রাজনৈতিক প্রচারের জন্য অপব্যবহারের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। অননুমোদিত বিদেশি পতাকা বাজেয়াপ্ত করে, এফআইআর দায়ের করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইসলামপুর জেলা পুলিশ যে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি তাদের প্রশংসা করি। সমগ্র রাজ্যে মাত্র দু’টি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে।”
তিনি আরও লেখেন, “ধর্মীয় অনুষ্ঠান বিশ্বাস ও ভ্রাতৃত্বের বিষয় – বিদেশি ভূ-রাজনৈতিক স্বার্থ বা বিভাজনমূলক প্রচারের নয়। পূর্ববর্তী সরকারের আমলে তোষণনীতির কারণে এ ধরনের কর্মকাণ্ড অভ্যাসগতভাবে প্রশ্রয় পেত। আইনশৃঙ্খলা ও জাতীয় মর্যাদার সঙ্গে আপস করে তোষণনীতির সেই যুগ এখন শেষ। বাংলার প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে উপাসনা ও ধর্মীয় উৎসব পালনের অধিকার সুরক্ষিত থাকবে। একইসঙ্গে, আইনের কঠোর প্রয়োগও নিশ্চিত করবে বিজেপি সরকার।” রাজ্যজুড়ে মিছিল ও ধর্মীয় শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ঘটনাবিহীনভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য রাজ্য ও কলকাতা পুলিশের প্রশংসাও করেন তিনি।
West Bengal Government stands firmly committed to safeguarding the freedom of faith, expression and cultural observances for every community.
— Suvendu Adhikari (@SuvenduWB) August 26, 2026
Religious flags and the pride of our Nation; the Indian Tricolour were carried with full freedom & respect throughout the State on the… pic.twitter.com/VosawePxlp
