
দক্ষিণ ২৪ পরগণা, ১২ অক্টোবর : বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম হন একই পরিবারের ৫ জন। সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। কী থেকে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর থানার টিজি রোডের বাসিন্দা সন্দীপ যাদব পেশায় লরি চালক। স্ত্রী রানি যাদব ও তিন সন্তানকে নিয়ে ওই এলাকার বাড়িতেই থাকতেন তিনি। ভোর চারটেয় গ্যাসে জল গরম করা হচ্ছিল। সেই সময় আচমকা ঘরে বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার ফেটে মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।
সেই সময় ঘরেই ছিল ৫ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ সকলেই তার পাশাপাশি ধোঁয়ায় অসুস্থ হয়ে যায়। প্রাণে বাঁচতে আর্তনাদ শুরু করে তাঁরা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ, দুমড়ে যায় সিলিং ফ্যান। বিষয়টা টের পেয়েই দমকলে খবর দেয় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই দমকলের আধিকারিকরা গিয়ে আগুন আয়ত্তে আনে। দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিক করা হয় এই দুর্ঘটনা।
