
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে দু’বছর আগে করা মামলায় ফের আইনি তৎপরতা শুরু করে শুল্ক দফতর। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ মার্চ গভীর রাতে ব্যাঙ্কক থেকে রুজিরা এবং মেনকা কলকাতা বিমানবন্দরে নামেন। শুল্ক দফতরের অভিযোগ, ২ কেজি সোনা-সহ তাঁদের পাকড়াও করা হয়। পরে ভিআইপি পরিচয় দিয়ে গ্রিন করিডোর করে ওই দু’জনকে সেখান থেকে বার করে নিয়ে আসে বিধাননগর পুলিশ। যদিও তাঁরা এই সব অভিযোগ অস্বীকার করেন। এর প্রায় ৬ দিন পর ২২ মার্চ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে শুল্ক দফতর।
সম্প্রতি বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে শুল্ক দফতর। সেই মতো বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলাটি তালিকাভুক্ত ছিল। যদিও বৃহস্পতিবার শুনানি হয়নি। শুক্রবার মামলাটি ফের শুনানির জন্য ওঠে।
সূত্রের খবর, শুক্রবার মামলাটি শুনানির জন্য উঠলে কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী জানান, দিল্লি থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আসতে পারেননি। অন্য মামলায় আটকে গিয়েছেন তাই এই কয়েক দিন পিছিয়ে দেওয়া হোক। । এ প্রসঙ্গে বিচারপতি কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের আইনজীবীর উদ্দেশে বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “দু’বছর ধরে তদন্ত করছেন! এখনও শেষ হল না!”
আগামী ডিসেম্বর মাসে মামলাটি শুনানির জন্য উঠবে।
