
কলকাতা, ১২ নভেম্বর: কলকাতার বেলেঘাটায় ভয়াবহ আগুন লাগল একটি লোহার ছাঁটের কারখানায়। শনিবার সকাল ১০ নাগাদ ওই কারখানায় আগুন লাগে। বেলেঘাটার সুরেন সরকার রোডে যেখানে আগুন লেগেছে, ওই এলাকা লোহাপট্টি নামে পরিচিত। সেখানে একাধিক লোহার কারখানা রয়েছে। সকালে সেখানে হঠাৎই আগুন লেগে যায়। ক্রমে তা বিধ্বংসী আকার নেয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তাও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
