পুজোর মরশুম বাড়িয়েছে আয়, আগামী সপ্তাহ থেকেই রাস্তায় নামতে চলেছে অতিরিক্ত সরকারি বাস

Extra Government Buses will be available from next week
Extra Government Buses will be available from next week

 

কলকাতা, ২৯ অক্টোবর : উৎসবের মরশুম নাকি সরকারি বাসের আয় বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ। তাই আগামী সপ্তাহ থেকে আরও বেশকিছু সরকারি বাস নামতে চলেছে শহর কলকাতার রাস্তায়। অর্থাৎ এক কথায় বিভিন্ন রুটে বাড়বে সরকারি বাসের সংখ্যা। তাতে নিত্যযাত্রীদেরও কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। অতিমারির দুটো বছরে লোকসানের মুখ দেখেছিল সরকারি বেসরকারি সব ধরনের বাসই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আয় বেড়েছিল। তবে এবার দুর্গাপুজোর সময় যাত্রী আরও বেড়েছে। তাই বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। জানা গেছে, পুজোর সময় বেশ কিছু রুটে বাস পাননি যাত্রীরা। তাই নিয়ে দেখা দিয়েছিল অসন্তোষ। বিষয়টি গোচরে আসতেই ওই সব রুটগুলোতে অতিরিক্ত বাস নামানো হচ্ছে। আরও কয়েকটা রুটে অতিরিক্ত বাস চালিয়ে দেখতে চলেছে পরিবহন দফতর। করোনার জেরে একদিকে যেমন যাত্রীসংখ্যা কমেছিল, সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল জ্বালানির দাম। ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে বাস মালিকরা পরিষেবা বন্ধ রেখেছিলেন। সে সময় ভরসা ছিল সরকারি বাসগুলোই। ক্ষতি সহ্য করেই বাস চালানো হয়েছিল। দুঃসময় কাটিয়ে পুজোয় ভাল আয় করেছে পরিবহন দফতর। সূত্রের খবর, শেষ দু' এক মাসে প্রতিদিন গড়ে ২৫ লক্ষ টাকা আয় করেছে পরিবহন দফতর। সাকুল্যে সবথেকে বেশি আয় কলকাতা রাষ্ট্রীয় পরিবহন নিগমের। তারা আয় করেছে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার টাকা। রাজ্য পরিবহন নিগমের পকেটে ঢুকেছে ৩৫ লক্ষ টাকা। অন্যদিকে, কলকাতা ট্রাম কোম্পানি আয় করেছে ৪২ লক্ষ। সবমিলিয়ে পরিবহন দফতরের আয় হয়েছে ২ কোটি ৭৪ লক্ষ ৯৬ হাজার টাকা। এই আয়ের ওপর ভরসা করেই আরও বেশি করে বাস নামানো হচ্ছে বলে খবর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…