kolkata

2 years ago

Bratya Bosu: ব্রাত্যকে ভাষা প্রয়োগে 'সচেতন' হওয়ার পরামর্শ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Brtya Basu  (File Picture)
Brtya Basu (File Picture)

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর  : বাংলার শিক্ষামন্ত্রী শিক্ষিত ব্যক্তি হবেন, এমনটাই আশা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ আর তাই তাঁর ব্রাত্য বসুকে পরামর্শ, এমন কোনও মন্তব্য তাঁর করা উচিত নয়, যাতে বাংলার সভ্যতা ও সংস্কৃতির অপমান হয়৷

গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ বৈঠক যাওয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ওই সব উপাচার্যদের ‘গোলাম’ বলে কটাক্ষ করেন।

শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ব্রাত্য বসুর সেই মন্তব্যের সমালোচনায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গের যিনি শিক্ষামন্ত্রী, তিনি পড়াশোন জানা ব্যক্তি হওয়া উচিত, হবেনও৷ তাই তাঁর ওই পদে বসে এমন মন্তব্য করা সাজে না৷ এটা বাংলার সভ্যতা ও সংস্কৃতির অপমান৷ যদি আমার সঙ্গে কয়েকজন উপাচার্য দেখা করেন এবং আমি তাঁদের সঙ্গে জাতীয় শিক্ষানীতি এবং বাংলার শিক্ষানীতি নিয়ে কিছু আলোচনা করি, তাতে কোনও দ্বিচারিতা নেই ৷ এখানে একনায়কতন্ত্র চলছে না৷’’

এর পরেই তিনি বলেন, ‘‘সবার স্বাধীনতা রয়েছে কারও সঙ্গে দেখা করার৷ কোনও বিষয় নিয়ে আলোচনা করার৷ এতে আপত্তির কী আছে? এক্ষেত্রে শিক্ষামন্ত্রী এমন ভাষার প্রয়োগ রাজ্যের অপমান৷’’ পাশাপাশি, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে সরকারের যে সংঘাত তৈরি হয়েছে, তারও সমালোচনা করেন ধর্মেন্দ্র প্রধান ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্যপালের নিজস্ব কিছু ভূমিকা এবং দায়িত্ব রয়েছে ৷ সেগুলি তিনি পালন করবেন৷ আর তিনি নিজের পদাধিকার বলে কোনও পরামর্শ দিলে বা মতামত প্রকাশ করলে তা মান্যতা দেওয়া জরুরি বলে মন্তব্য করেন ধর্মেন্দ্র প্রধান ৷ তবে, রাজ্যপালের মতামতকে খণ্ডন করতে রাজ্য সরকারের ভুল উপায় বেছে নেওয়া ঠিক নয় বলে মতপ্রকাশ করেছেন তিনি৷

শেষবার রাজ্য সফরে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ রাজ্য সরকারকে পড়ুয়াদের নিরাপত্তার জন্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নির্দেশিকা পালন করার পরামর্শ দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান।


You might also like!