
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ফের বড়সড় হামলায় রক্তাক্ত বালোচিস্তান। ‘স্বাধীন বালোচিস্তান’-এর দাবি সামনে আসার পরই এবার পাকিস্তান সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানোর অভিযোগ উঠেছে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে। হামলায় অন্তত ৪৫ জন জওয়ান নিহত হয়েছেন বলে প্রাথমিক খবর। ঘটনার পর গোটা মাস্তুং জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি।
ভয়ংকর এই হামলার দায় স্বীকার করে বিএলএ-র মুখপাত্র জিয়ন্দ বালোচ এক বিবৃতি জারি করেছেন। যেখানে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তাঁদের বিশেষ শাখা ‘ফতহ স্কোয়াড’-এর তরফে এই অভিযান চালানো হয়। বালোচিস্তানের মাস্তুং জেলার খদকোচা এলাকায় পাক সেনা জওয়ানদের নিয়ে যাওয়া একটি বাসে আত্মঘাতী হামলা চালানো হয়। এই ঘটনায় বাসে থাকা অধিকাংশ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের তরফেও হামলার তথ্য প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, বিস্ফোরণের পর কনভয়ে থাকা বাকি বালোচ বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই শুরু হয় বালচদের। দু’পক্ষের গুলির লড়াইয়ে আরও বেশ কয়েকজন পাকসেনার মৃত্যু ও বহু জওয়ান আহত হয়েছেন। বিদ্রোহীদের দাবি, শীঘ্রই এই হামলার ছবি ও ভিডিও তাদের তরফে প্রকাশ করা হবে। এদিকে ভয়ংকর এই হামলা নিয়ে মুখে কুলুপ এটেছে ইসলামাবাদ। সেনা কনভয়ে হামলার কথা স্বীকার করলেও হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি। হামলার পর কোয়েটার একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বালোচিস্তানের পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই করছে বালোচ লিবারেশন আর্মি। বিরাট সেনাবল নিয়ে লড়াইয়ে নেমেও এই অঞ্চলে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছে পাক সেনাকে। এই অবস্থায় পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র। তারই প্রতিবাদে স্বাধীনতার মরণপণ লড়াইয়ে নামে সেখানকার মানুষ।
