West Bengal

3 years ago

আরও ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ, তোপ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২৮ অক্টোবর : আরও ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। শুক্রবার টুইটারে এ কথা জানিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার রিজার্ভ ব্যাঙ্কের কাছে ১০ হাজার কোটি টাকার ঋণের অনুরোধ উত্থাপন করেছে। দুর্ভাগ্যবশত, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ’ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (এফআরবিএম) আইনের অধীনে তার ধার নেওয়ার সীমা লঙ্ঘন করেছে। এটিও উদ্বেগজনক যে বাংলার ঋণের বোঝা প্রায় ৬ লক্ষ কোটি টাকা।“

রাজ্যের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কিছুকাল আগে প্রকাশিত হয়েছে দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির ‘ন‌্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ‌্যান্ড পলিসি’-র রিপোর্ট। যে রিপোর্টে মুক্তকণ্ঠে বলা হয়েছে, ২০১৫-র এপ্রিল থেকে ২০১৯-র মার্চ- টানা এই চার অর্থবর্ষে ধার কমানোর ক্ষেত্রে গোটা দেশে সেরা পারফরম‌্যান্স মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের। বলা হয়েছে, পরবর্তীকালে ঋণ বাড়লেও তার পরিমাণ ২০১৫-১৬ অর্থবর্ষের থেকে কম।

তবে পুরনো বিপুল দেনার দায় তারপরও এতটাই বেশি যে প্রতি ১০ টাকা আয়ের মধ্যে ২ টাকা চলে যাচ্ছে ধারের সুদ মেটাতে। ন‌্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ‌্যান্ড পলিসি’, সংক্ষেপে এনআইপিএফপি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে থাকা স্বশাসিত একটি গবেষণা সংস্থা। সরকারের বিভিন্ন প্রকল্প ও তহবিলে অর্থ বরাদ্দ, কর কাঠামো, শুল্ক ব‌্যবস্থার মতো জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে গবেষণা ও সরকারের আর্থিক নীতি নির্ধারণের দিশা দেওয়াই এই সংস্থার কাজ। এহেন সংস্থার বার্ষিক রিপোর্টে পশ্চিমবঙ্গ সরকারের মুক্তকণ্ঠে প্রশংসা স্বাভাবিকভাবেই উজ্জীবিত করেছে রাজ্যকে। অন্যদিকে শুভেন্দুবাবু টুইটারে গত এক দশকে রাজ্যের ক্রমবর্ধমান ঋণের হিসাব লেখচিত্রের মাধ্যমে যুক্ত করেছেন।

You might also like!