
হাওড়া, ২৯ এপ্রিল : ভোটের শুরুতেই অশান্তি নানা জায়গায়। কারণ, ইভিএম-বিভ্রাট, ভোটযন্ত্রে ত্রুটি! যান্ত্রিক ত্রুটির জন্য উত্তেজনা ছড়ায় হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের ডন বসকো স্কুলে। সেখানে মেশিন বিকল হওয়া নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। দু’জনকে পুলিশ আটক করেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রাইগ্রামের বুথে ভিভিপ্যাট সমস্যা খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিপিএমের নির্বাচনী এজেন্টকে। হুগলির গোঘাট বিধানসভায় ৬২ নম্বর বুথে ভোট শুরুর আগেই বিকল হয়ে যায় ভিভিপ্যাট মেশিন। এর ফলে যথাসময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ বোধ করেন।
