
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে হামলার ঘটনায় রাজভবনের বিবৃতির পরেই দিনহাটা যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার রাতেই তিনি দিনহাটার উদ্দেশে রওনা দেবেন বলে জানান। সেই সঙ্গে তাঁর হুঙ্কার, ‘‘মঙ্গলবার দিনভর দিনহাটার রাস্তায় রাস্তায় ঘুরব, দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে।’’ মঙ্গলবার সকালেই দিনহাটায় পৌঁছে যাওয়ার কথা তাঁর। চ্যালেঞ্জ নিয়েছেন নিশীথবাবুও। তাঁকে সঙ্গে নিয়ে সুকান্তবাবু দিনহাটায় ঘুরবেন। শনিবারের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, সেই সব বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলবেন সুকান্তবাবু।
শনিবার নিশীথবাবুর কনভয়ে হামলার পর থেকে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। গেরুয়া শিবির রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তুলেছে। রবিবার কোচবিহার জেলা কোতোয়ালি, পুন্ডিবাড়ি, ঘোকসাডাঙ্গা, তুফানগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। কোতোয়ালি থানায় বিধায়ক নিখিলের নেতৃত্বে বিজেপি কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের মতো রাজ্য বিজেপির নেতারা শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু রাজ্য নেতৃত্বের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও সক্রিয় কর্মসূচি এর আগে দেখা যায়নি। রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বিবৃতি দিয়ে নিশীথবাবুর কনভয়ে হামলার ঘটনার নিন্দা করেছেন। সেই সঙ্গে, নবান্নের কাছ থেকে দিনহাটা নিয়ে রিপোর্টও তলব করেছেন তিনি। রাজভবনের এই বিবৃতির পরেই দিনহাটায় সক্রিয় কর্মসূচি ঘোষণা করল রাজ্য বিজেপি।
