West Bengal

3 years ago

Naihati :তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তাল নৈহাটি

Bjp and tmc
Bjp and tmc

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চল বরাবরই স্পর্শকাতর এলাকা বলে মনে করা হয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তা বারবার প্রমাণ হয়। আরও একবার উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটি ।বুধবার রাত থেকে শুরু হয় এলাকায় তুমুল অশান্তি তৃণমূল এবং বিজেপির মধ্যে। দুইপক্ষের সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই অশান্তির ঘটনায় নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তাতে উত্তেজনা আরও বেড়েছে।

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁদের নেত্রী শম্পা সরকারের স্বামী সৌমেন সরকারকে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় বেধড়ক মারধোর করে। গুরুতর আহত অবস্থায় সৌমেন সরকারকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিজিৎ চট্টোপাধ্যায় সহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, এই অভিজিৎ চট্টোপাধ্যায় নৈহাটি অঞ্চলের যুব তৃণমূল নেতা। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে, অভিজিৎ চট্টোপাধ্যায় যখন রাতে ফিরছিলেন বাইকে করে তখন বিজেপির লোকজন তাঁর উদ্দেশ্যে কুকথা বলতে থাকে। সেই প্রতিবাদ করাতেই শুরু হয় অশান্তি, মারামারি। অন্যদিকে জানা গিয়েছে, আজকে ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। সব মিলিয়ে নৈহাটির পরিস্থিতি এই মুহূর্তে থমথমে। এলাকা শান্ত রাখতে চলছে পুলিশি টহলদারি।

You might also like!