
নয়াদিল্লি, ১৫ মার্চ : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে বুধবার ছয়দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর, হেপাজতে নিয়ে মণীশ ও অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলার বহু তথ্য মণীশকে জেরা করলে পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ইডি–র সদর দফতরেই মণীশকে জেরা করা হবে। অন্যদিকে, মণীশের আইনজীবী দাবি করেন, মণীশের সদ্য অস্ত্রোপচার হয়েছে। শারীরিক অসুস্থতা রয়েছে। আদালত নির্দেশ, হেপাজতে থাকাকালীন প্রতিদিন ৩০ মিনিট তাঁর শারীরিক পরীক্ষার জন্য বরাদ্দ হবে।
আদালতে এদিন একাধিক তাৎপর্যপূর্ণ দাবি করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর দাবি, অনুব্রত জিজ্ঞাসাবাদে তাঁদের জানিয়েছেন, যাবতীয় টাকাপয়সার লেনদেন, নয়ছয় সব হত মণীশের হাত দিয়ে। সব কিছুই জানতেন তিনি। আর শুধু অনুব্রতর নয়, তাঁর দেহরক্ষী সায়গলের যাবতীয় হিসাবও নাকি মণীশই দেখতেন। যদিও এই যুক্তির পালটা মণীশের আইনজীবীরা দাবি করেন, একজন পেশাদার হিসাবে মণীশ শুধু নিজের কাজ করে গিয়েছেন। তাছাড়া অন্য কেউ জিজ্ঞাসাবাদে তাঁর সম্পর্কে কী বলল, তার দায় তাঁদের নয়। যদিও শেষপর্যন্ত জামিনের আবেদন করেননি মণীশের আইনজীবী। তাঁরা জানান, হেফজতের বদলে মণীশকে নির্দিষ্ট কোনও একটা এলাকায় থাকার নির্দেশ দেওয়া হোক। সেই আবেদনও খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, গতকাল দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দেন মণীশ কোঠারি। ইডি সূত্রে জানা গিয়েছে, গতকালও অনুব্রতর মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় মণীশকে। ইডি সূত্রে এও জানানো হয়, তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। তাতেই গ্রেফতার করা হয় তাঁকে।
