
চালসা, ৫ মার্চ : রবিবাসরীয় সকালে জলপাইগুড়ির লোকালয়ে দাপিয়ে বেড়াল গজরাজ। এদিন বিভিন্ন সময় হাতিগুলিকে খরিয়ার বন্দর, উত্তর ধূপঝোরা, পানঝোরার জঙ্গল সংলগ্ন এলাকায় দেখা যায়। যদিও হাতিটি কোনও ক্ষতি করেনি। খবর চাউর হতেই সংলগ্ন রিসোর্ট গুলোতে থাকা পর্যটকরাও ছুটে আসেন হাতি দেখতে।
জানা গেছে, রবিবার ভোরে দুটি হাতি খরিয়ার বন্দর জঙ্গল থেকে বেরিয়ে মঙ্গলবারি বস্তির ফাঁকা কৃষি জমি হয়ে চলে যায় উত্তর ধূপঝোরা এলাকায়। সেখান থেকে একটি হাতি মূর্তি নদী পেরিয়ে পানঝোরার জঙ্গলে চলে গেলেও একটি হাতি রয়েই যায় খরিয়ার বন্দর জঙ্গলে।
এদিন ভোরে হাতি দুটিতে অনেকেই কৃষি জমিতে ঘোরাঘুরি করতে দেখে। খবর চাউর হতেই সংলগ্ন রিসোর্ট গুলোতে থাকা পর্যটক সহ জনগণ ছুটে আসে হাতি দেখতে। কিন্তু ততক্ষণে হাতিটি মূর্তি নদী পেরিয়ে জঙ্গলে চলে যায়।
উল্লেখ্য, মাঝেমধ্যেই এলাকায় হাতি চলে আসে। রাতভর লোকালয়ে থাকার পর ভোরের আলো ফোটার আগেই হাতিগুলো ফের জঙ্গলে চলে যায়। তবে এদিন হাতি দুটি লোকালয়ে কোনও ক্ষতি না করায় সস্তিতে রয়েছে জনগণ।
