
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার জাতীয় সংগীত অবমামনা মামলায় সিঙ্গল বেঞ্চের জল গড়াল ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল জাতীয় সংগীত অবমাননা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত BJP বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এবার সেই মামলার জল গড়াল ডিভিশন বেঞ্চ অবধি।
এবার সিঙ্গল বেঞ্চর নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। ১০ জন BJP বিধায়ককে একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল। তার বিরোধিতা করেই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার এই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বেঞ্চ।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিধায়করা রাজ্য বিধানসভায় প্রতিবাদ করছিলেন। সেই সময় জাতীয় সংগীত গাওয়ার মুহূর্তেও BJP বিধায়কদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জাতীয় সংগীতের অবমাননা হয়েছে, এমনই অভিযোগ ওঠে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে একটি অভিযোগও দায়ের হয়েছিল। এর উপর ভিত্তি করে হেয়ার স্ট্রিট থানায় জমা পড়ে একটি অভিযোগও। এরপরই অভিযুক্ত BJP বিধায়কদের তলব করা হয়েছিল। অন্যদিকে, এরই বিরুদ্ধে পালটা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন অভিযুক্ত BJP বিধায়করা।
