
মাদ্রিদ, ২৮ এপ্রিল : কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে চলা ক্রোয়েট কিংবদন্তি লুকা মদ্রিচ সামনে এলো মহাবিপদ। গালের হাড়ে চিড় ধরা পড়ায় তাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। রবিবার (২৬ এপ্রিল) সিরি আ'তে জুভেন্টাসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচের শেষ দিকে এক দুর্ঘটনায় গালে চোট পান মদ্রিচ। প্রতিপক্ষ মিডফিল্ডার লোকাতেলির সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষে তিনি গুরুতর ভাবে আঘাত পান। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি। তাঁকে মাঠ ছাড়তে হয়। ম্যাচের পরদিন মেডিকেল পরীক্ষায় তাঁর মুখের বাঁ পাশের গালের হাড়ে চিড় ধরা পড়ে। ক্লাব সূত্রে সোমবার জানা গেছে , খুব দ্রুতই তাঁর অস্ত্রোপচার হবে। তবে সময়মতো সুস্থ হলেও বিশেষ সুরক্ষা মাস্ক পরে খেলতে হতে পারে মদ্রিচকে।
