
ইটানগর, ২২ আগস্ট : অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং নয়া রাজনৈতিক দল গঠন করেছেন। গেগং আপাং তাঁর নবগঠিত রাজনৈতিক দলের নাম দিয়েছেন ‘অরুণাচল ডেমোক্র্যাটিক পার্টি’। আসন্ন ২০২৪ সালে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে তাঁর দল প্রার্থী দেবে সমস্ত আসনে।
আজ মঙ্গলবার ‘হিন্দুস্থান সমাচার’-এর সঙ্গে আলাপচারিতায় এ খবর দিয়ে ‘অরুণাচল ডেমোক্র্যাটিক পার্টি’র প্রতিষ্ঠাতা সভাপতি গেগং আপাং বলেন, ‘রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা এবং শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি খুবই খারাপ। মূলত এটাই নয়া দল গঠনের একমাত্র কারণ।’ তিনি বলেন, অরুণাচল প্রদেশে ষষ্ঠ তফশিল অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। তাই তাঁর দল কেবলমাত্র রাজ্যের জনগণের স্বার্থে কাজ করবে। রাজ্যের মানুষ ‘অরুণাচল ডেমোক্র্যাটিক পার্টি’কে প্রাণবন্ত করবেন। এটা তাঁর বিশ্বাস।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দলের লক্ষ্য, রাজ্য জুড়ে তাওয়াং থেকে লংডিং পর্যন্ত পরিবর্তন আনা।’ অরুণাচল ডেমোক্র্যাটিক পার্টিকে একটি ভিন্ন ধারার দল হিসেবে গ্রহণ করে এতে রাজ্যের সর্বস্তরের যুবসমাজকে যোগদান করতে আহ্বান জানিয়েছেন তিনি।
তাঁর দলের প্রতীক সম্পর্কে এক জিজ্ঞাসার জবাবে গেগং আপাং বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও, এখনও প্রকাশ করা হয়নি। তিনি জানান, শীঘ্রই তিরাপ এবং চাংলাং জেলায় গণ-যোগদান কর্মসূচি সংগঠিত করবে তাঁর দল।
