
মেদিনীপুর, ৪ মার্চ : শনিবার ভোর রাতে ভয়াবহ আগুন লাগলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কুইকোটাতে থাকা পুরসভার মার্কেট কমপ্লেক্সে। আগুনে পুড়ে ছাই লটারি টিকিটের দোকান । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
জানা গিয়েছে, শনিবার ভোররাতে মার্কেট কমপ্লেক্সে থাকা বিশ্বজিত দাস নামে এক ব্যবসায়ীর লটারি টিকিটের দোকানে আগুন লাগে। ভিতরে বিপুল পরিমান লটারির টিকিট মজুত ছিল। ফলে মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এলাকায় আরও দোকান রয়েছে। ফলে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবয় যায় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ৪০-৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। দমকল দ্রুত তৎপর না হলে আরও ভয়াবহ ক্ষতি হতে পারতো বলে জানিয়েছেন তাঁরা।
