
সাগরদিঘি, ১০ এপ্রিল :-শুক্রবার ভোরের শান্ত পরিবেশ ভেঙে সাগরদিঘিতে চাঞ্চল্য ছড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আকস্মিক তল্লাশি অভিযানে। সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় আটটি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা গ্রামে প্রবেশ করেন। এরপর সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন হড়হরি গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন শেখ ও মুজিবুর শেখের বাড়িতে একযোগে তল্লাশি শুরু হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা সাহাবুদ্দিন শেখের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছেন এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন। তবে অপর অভিযুক্ত মুজিবুর শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ইডি পৌঁছনোর আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় এই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁরা জামিনে মুক্তি পান। সাম্প্রতিক সময়ে নতুন তথ্যপ্রমাণ হাতে আসায় এই দ্বিতীয় দফার তল্লাশি চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।শেষ খবর পাওয়া পর্যন্ত, তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তকারীরা উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখছেন।
