
কলকাতা, ১৫ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হল। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির।
মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। চাকরি বাতিল সংক্রান্ত মুখ্যমন্ত্রীর মন্তব্যের একাধিক অংশ নিয়ে অভিযোগ করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। তাঁকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব, যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। '
বক্তব্যের এই অংশ ছাড়াও একাধিক অংশ নিয়ে অভিযোগ তোলা হয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর মামলায়। প্রসঙ্গত, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম-দশম সব নিয়োগ-মামলাই বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।
