West Bengal

6 hours ago

Gangasagar Shootout: গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Gangasagar Shootout
Gangasagar Shootout

 

দক্ষিণ ২৪ পরগনা, ১১ মার্চ : গঙ্গাসাগরে দিনের আলোয় গুলি চালিয়ে এক বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ৮টা নাগাদ গঙ্গাসাগর কোস্টাল থানার অধীনে শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি।

জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে হঠাৎই বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ত্রিলোকেশ ঢালি। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আহত নেতার ছেলে ত্রিদীপ ঢালির অভিযোগ, আগে সাগর এলাকায় এ ধরনের অপরাধমূলক ঘটনা তেমন হতো না। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে তাঁর বাবা প্রার্থী হতে পারেন—এই আশঙ্কা থেকেই শাসক দলের পক্ষ থেকে চক্রান্ত করে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!