
হাওড়া ও মুঙ্গের, ৪ এপ্রিল : হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুকধারী যুবককে পাকড়াও করল হাওড়া পুলিশ। বিহারের মুঙ্গের থেকে ১৯ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম-সুমিত সাউ। বর্তমানে রামনবমীর মিছিলে গোলমাল এবং তৎপরবর্তী ঘটনাবলির তদন্ত করছে সিআইডি। মঙ্গলবার হাওড়া পুলিশ জানিয়েছে, হাওড়ার রামনবমীর মিছিলে যে যুবককে বন্দুক হাতে দেখা গিয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মুঙ্গের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আমি শুধু বলতে পারি পশ্চিমবঙ্গ পুলিশ এসেছিল এবং এক যুবককে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যে। হাওড়ার শিবপুরে ব্যাপক অশান্তি হয়। একটি ভিডিও-তে দেখা গিয়েছিল, বন্দুক হাতে মিছিলে উদ্দাম নাচ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাওড়া পুলিশ বিহার থেকে গ্রেফতার করল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুমিত সাউ। বয়স ১৯। বাড়ি, হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত শম্ভু হালদার লেনে। বন্দুক নিয়ে মিছিলে নাচানাচি করেই সুমিত বিহারে পালায়। পুলিশ তদন্ত করে জানতে পারে মুঙ্গেরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন সে। সেই অনুযায়ী গোয়েন্দারা তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেন।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার কুণাল বলেছেন, রামনবমীতে হাওড়ায় যে ঘটনাটি ঘটেছিল, সেখানে বিজেপির মিছিলে একটি ছেলেকে দেখা গিয়েছিল, তার হাতে রিভলভার ছিল। বিজেপির এই উস্কানিমূলক চক্রান্ত এখন প্রকাশ্যে। হাওড়া পুলিশ তাকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করেছে। এই মামলাটি সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
