
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : গত দুই দিন ধরেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন। ওড়িশার কাছাকাছি অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের জেরে আকাশের এই চিত্র। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে গতকাল। আজও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাক পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলেরও আকাশ মেঘলা থাকবে আজ।
মেঘলা আকাশে রবিবারও দক্ষিণবঙ্গের একাঝিক জেলার আকাশে বৃষ্টির ভ্রুকুটি। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্তর জেরে আজ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। রবিবারও তাপমাত্রা পতনের আরও কোনও ইঙ্গিত নেই। এবছরের মতো শীত বিদায় নিয়েছে। তবে ভোরের দিকে কুয়াশা থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় ও ওড়িশার খুব কাছাকাছি। এর ফলেই গত দু'দিন ধরে আকাশ মেঘলা থাকছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনায়। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও কলকাতায়।
আজ,রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশপাশি আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকলেও মাঝে রোদ উঠবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি ছুঁয়ে যাবে। রাতে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে। সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে ঠেকবে ২১ থেকে ২২ ডিগ্রিতে।
