
কলকাতা, ১৯ জানুয়ারি : আপাতত হালকা শীতেই খুশি থাকতে হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গকে। বৃহস্পতিবারও স্বাভাবিকের ঊর্ধ্বে থাকল মহানগরীর তাপমাত্রা। খুব বেশি হেরফের হচ্ছে না তাপমাত্রায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২১ জানুয়ারি অবধি রাতের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। ২২ জানুয়ারির পর রাতের তাপমাত্রা বাড়তে পারে। এদিন সকাল থেকে মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। অনুভূত হয়েছে হালকা শীত, তবে এই ঠান্ডা খুব শীঘ্রই উধাও হয়ে যেতে পারে। আবহবিদরা জানিয়েছেন, দু’দিন পর থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা বাড়লেও সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা।
