Entertainment

1 hour ago

Lovebirds In Phuket: ফুকেতে প্রেমের ছুটিতে রাজের ভাগ্নি সৃষ্টি, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে মাত নেটদুনিয়া

Celebrity Niece Love Buzz
Celebrity Niece Love Buzz

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অষ্টম বিবাহবার্ষিকী উদযাপনের পর বিদেশ সফর সেরে শহরে ফিরেছেন টলিউডের জনপ্রিয় দম্পতি  রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও তাঁদের ট্রিপের গন্তব্য প্রকাশ্যে আনেননি কেউই, তবে সমাজমাধ্যমে পোস্ট করা একাধিক ছবির সূত্র ধরে অনুরাগীদের অনুমান, থাইল্যান্ডেই সময় কাটিয়েছেন তাঁরা। আর সেই একই সময়ে প্রেমিকের হাত ধরে থাইল্যান্ডের ফুকেতে ছুটি কাটাতে গিয়ে আলোচনায় উঠে এলেন রাজের আদরের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। সম্প্রতি প্রেমিক অর্ণব বিশ্বাসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৃষ্টি। কখনও সমুদ্রের ধারে, কখনও আবার হোটেলের ঘরে রোম্যান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন যুগল। বিশেষ করে মিরর সেলফিতে প্রেমিককে চুম্বন করার ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। গরমের মধ্যেই তাঁদের প্রেমমাখা মুহূর্ত যেন সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সৃষ্টি পাণ্ডে কাজ করেন মামা রাজ চক্রবর্তী-র প্রযোজনা সংস্থা ও পরিচালনার টিমেও। সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করেও ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। তবে এই মুহূর্তে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা চলছে টলিপাড়ায়। সৃষ্টির পোস্ট করা ছবিগুলিতে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা আবহে কখনও সমুদ্রের সামনে, কখনও রেস্তরাঁয় কিংবা ঘরের একান্ত মুহূর্তে সময় কাটাচ্ছেন প্রেমিক যুগল। তাঁদের এই রোম্যান্টিক কেমিস্ট্রি দেখে মুগ্ধ নেটিজেনরাও। কমেন্ট বক্সে অভিনেত্রী অভীকা মালাকার লিখেছেন, ‘মিষ্টি’ আর রোহন ভট্টাচার্য ‘লাভবার্ডস’ সম্বোধন করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রেমিকযুগলকে।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে সৃষ্টি ও অর্ণবের সম্পর্কের কথা নতুন নয়। চার বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রেমকে কখনওই আড়ালে রাখেননি কেউ। ইনস্টাগ্রাম জুড়েই ছড়িয়ে রয়েছে তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি। কখনও পাহাড়ে, কখনও বরফঢাকা দেশে আবার কখনও উৎসবের সাজে ধরা দিয়েছেন যুগল। রাজ-শুভশ্রীর পরিবারের সঙ্গেও অর্ণবের দারুণ সম্পর্ক বলেই জানা যায়। অন্যদিকে, সৃষ্টি যেমন মামা-মামির অত্যন্ত কাছের, তেমনই ছোট্ট ইউভানের সঙ্গেও তাঁর বিশেষ সখ্য রয়েছে।  

টলিপাড়ার অন্দরমহলে এখন রাজ-শুভশ্রীর পরিবারের এই নতুন প্রজন্মের প্রেম নিয়েও চলছে বিস্তর চর্চা। সৃষ্টি ও অর্ণবের সম্পর্ক যে দিন দিন আরও গভীর হচ্ছে, তা তাঁদের সমাজমাধ্যমের পোস্টেই স্পষ্ট। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই জুটি? যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। আপাতত ফুকেতের রোম্যান্টিক ছুটির রঙিন মুহূর্ত উপভোগ করতেই ব্যস্ত সৃষ্টি ও অর্ণব। আর তাঁদের প্রেমমাখা ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।


You might also like!