
কলকাতা, ২ নভেম্বর : দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। ৩ নভেম্বর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, ৪ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। মূলত পশ্চিমি ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ার ফলেই এই হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেই কারণেই বাড়ছে তাপমাত্রা।
আবহবিদরা জানিয়েছেন, ৪ নভেম্বর মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তাপমাত্রার খুব উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ৪ নভেম্বর দার্জিলিং, কালিম্পঙ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
