
কলকাতা, ৩১ আগস্ট : বৃহস্পতিবার বামফ্রন্টের ডাকা সমাবেশে শহরে যানজটের সম্ভাবনা তৈরি হয়েছে। সভাটি হবে ডোরিনা ক্রসিংয়ে। ফলে মধ্য কলকাতা জুড়ে অর্থাৎ সিআর অ্যাভিনিউ, লেনিন সরণি এবং স্ট্র্যান্ড রোডে যানজট হতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু সভাস্থল বা তার আশপাশের রাস্তাগুলি নয়, চার জায়গা থেকে বামেদের মিছিল আসবে। ফলে ওই রাস্তাগুলিতেও যানজট স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। খাদ্য আন্দোলনের ‘শহিদ স্মরণে’ বৃহস্পতিবার ধর্মতলা চত্বরে সভা করবে বামফ্রন্ট। বামফ্রন্ট সূত্রে খবর, দুপুর ১টায় শহরের চার প্রান্ত থেকে চারটি মিছিল শুরু হবে। সেই মিছিল ধর্মতলার সভাস্থলে এসে শেষ হবে।
একটি মিছিল আসবে হাওড়া থেকে। সেটি হাওড়া ব্রিজ হয়ে ব্রাবোর্ন রোড ধরে ধর্মতলায় আসার কথা রয়েছে। তবে এই মিছিলের দায়িত্বে থাকা নেতৃত্ব জানিয়েছেন, ব্রাবোর্ন রোড দিয়ে হয়তো মিছিল আটকে দিতে পারে পুলিশ। ফলে সেটিকে স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
