West Bengal

1 hour ago

BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari campaigning in Falta.
Suvendu Adhikari campaigning in Falta.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একুশের ভোট-পরবর্তী হিংসা নিয়ে ফের সরব বিজেপি। মঙ্গলবার ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজনৈতিক হিংসায় নিহত বিজেপির ৩২১ জন কর্মীর পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার। নিহতদের পরিবারের সদস্যদের চাকরির আশ্বাস দেন তিনি। পাশাপাশি ফলতায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিরাপত্তা ও সহায়তায় বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। দফায় দফায় বাংলায় প্রচারে এসেছিলেন মোদি-শাহ। ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু স্বপ্নপূরণ হয়নি। ২০০ তো দূর-অস্ত, ৮০-ও পেরতে পারেনি পদ্মশিবির। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অভিযোগ, তারপর জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল তৃণমূল। কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। তারপর পেরিয়েছে ৫ বছর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ঢেলে আশীর্বাদ করেছে বিজেপিকে।

পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব তাঁর। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু। এখানেই শেষ নয়, ফলতাতেও বহু বিজেপি কর্মী আক্রান্ত, তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। তালিকা অনুযায়ী সকলে সহযোগিতা পাবে। সর্বদা পাশে থাকবেন মুখ্যমন্ত্রী।

You might also like!