
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্রাঙ্ক ভরে চার্জসিট ও তার সমর্থনে উপযুক্ত নথি নিয়ে নগর দায়রা আদালতে হাজির হলেন ইডির কর্তারা। ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো মানিককে গ্রেফতারের ৫৯ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট।
ইডি সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ছাড়াও আরও ৫ জনের নাম রয়েছে। এর মধ্যে মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও চার্জশিটে অভিযুক্তের তালিকায় রয়েছে ২টি সংস্থার নাম।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই সেই গ্রেফতারির ষাট দিন পূর্ণ হবে। আদালত ইডিকে বলেছিল, ষাট দিনের মধ্যে চার্জশিট পেশ করতে। ইডি বুধবার অর্থাৎ ঊনষাটতম দিনেই সেই চার্জশিট পেশ করেছে। উল্লেখ্য এর আগেও মানিকের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় চার্জশিট পেশ করা হয়েছিল আদালতে। তবে সেই চার্জশিটে মানিকের স্ত্রী এবং পুত্রের নাম ছিল না।
চার্জশিটে কলেজের অনুমোদন পাইয়ে দেওয়া সংক্রান্ত বেশ কিছু তথ্যও আছে। মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে চার্জশিটে।
পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীনই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তাই মানিকের মামলায় পার্থও জড়াবেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
