kolkata

3 years ago

Alapan Banerjee : রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

Alapan Banerjee
Alapan Banerjee

 

কলকাতা, ২১ নভেম্বর  :রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। আলাপন নতুন পদে তাঁর দায়িত্বভার বুঝে নিয়েছেন। সোমবার নবান্ন সূত্রে এখবর জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে ‘পরিবর্তন’-এর সরকার ক্ষমতায় আসার পর থেকে এতদিন ওই দায়িত্বে ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন।

রাজ্যে মূলত ইতিহাসের সংরক্ষণের জন্য দু’টি সংস্থা রয়েছে। একটি রাজ্য হেরিটেজ কমিশন। অন্যটি ‘সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং’ (কাস্ট)। হেরিটেজ কমিশনের দায়িত্বে আসার আগে আলাপন ‘কাস্ট’-এর চেয়ারম্যান পদে ছিলেন। সেই পদে নিয়ে আসা হয়েছে ইতিহাসবিদ এবং প্রাক্তন সাংসদ সুগত বসুকে। ঘটনাচক্রে, সুগতবাবু আগে হেরিটেজ কমিশনের সদস্য ছিলেন।

১৯৮৭ ব্যাচের আইএএস আলাপনবাবু ২০১১ থেকে ’২১এর মে মাসে সরকারিভাবে মুখ্যসচিবের পদ থেকে অবসর— এই ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে ১৪টি পদেদায়িত্ব সামলেছেন। এর পর হন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা।

২০০৩ সালে আলাপনবাবু দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের দায়িত্ব নেন। অল্প কিছুকাল ওই জেলার দায়িত্বে থাকলেও স্থানীয় একাধিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে একটা রূপরেখা তৈরি করেন। এর পরেই তিনি কেএমডিএ-র সিইও হিসাবেও বিশেষ জোর দিয়েছিলেন ঐতিহ্য সংরক্ষণের ওপর। ২০০৯-এ হেরিটেজ কনসারভেশন কমিটির চেয়ারম্যান হিসাবে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেন আলাপনবাবু। সেই সময় তিনি ছিলেন কলকাতা পুরসভার কমিশনার মেয়র ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রকাশিত হয় কলকাতার ওয়ার্ডভিত্তিক ঐতিহ্যভবনের তালিকা। এর পর ২০১৭ থেকে ’২১ ছিলেন রাজ্যের হেরিটেজ কমিশনের সক্রিয় সদস্য। ২০১৯ সালে বেঙ্গল চেম্বার অফ কমার্স একটি কফি টেবল বই প্রকাশ করে। ‘বেঙ্গল হেরিটেজ’ নামে বইটির নেপথ্যে অন্যতম মূল ভূমিকা ছিল আলাপনের।


You might also like!